হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে আজ ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

admin

June 4, 2026

হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে আজ ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ভারতের কথিত সম্পৃক্ততার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে মশাল মিছিল করবে সংগঠনটি। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগের ‘শহীদ ওসমান হাদি চত্বর’ থেকে এই কর্মসূচি শুরু হবে। সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করে সর্বস্তরের ছাত্র-জনতাকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মশাল মিছিলের মাধ্যমে মূলত হাদি হত্যাকাণ্ডের তদন্তের সর্বশেষ অগ্রগতি প্রকাশ, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানানো হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে থাকা স্থানীয় অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করার পাশাপাশি বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারি প্রচেষ্টার সর্বশেষ অবস্থা জনসমক্ষে প্রকাশের দাবিও তুলবে ইনকিলাব মঞ্চ।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে জখম হন ওসমান হাদি। ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হামলার পর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, যা হাদির মৃত্যুর পর নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ