লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবার শতকোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত
১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে শতকোটি টাকা পাচারের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সোমবার এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল হাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে।
এর আগে চলতি বছরের ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মানবপাচার ও ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগসহ একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। ৪৪ দিনের রিমান্ড শেষে ৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।
সিআইডির দায়ের করা মানিলন্ডারিং মামলায় অভিযোগ করা হয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান ফাইভ এমের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ১ লাখ ৫০ হাজার টাকা করে আদায় করা হতো। পাশাপাশি পাসপোর্ট, মেডিকেল, কোভিড টেস্ট ও অন্যান্য খাতে অতিরিক্ত ফি নেওয়া হতো।
মামলার তথ্য অনুযায়ী, প্রায় ৯ হাজার ৩৭২ জন কর্মীর কাছ থেকে জনপ্রতি ১ লাখ ৭ হাজার ৫১০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এতে মোট ১০০ কোটি ৭৫ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।
শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
ঢাকা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ