বৃষ্টির পরও কমেনি দূষণ, আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা
টানা দুই দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সাধারণত বৃষ্টির পর বাতাসের মান কিছুটা ভালো হওয়ার কথা থাকলেও এবার সেই চিত্র দেখা যাচ্ছে না।
সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন রোববারও হয়েছিল ৩২ মিলিমিটার বৃষ্টি। তবে এত বৃষ্টির পরও আজ সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৯৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এ অবস্থায় আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যেখানে AQI ছিল ১৬৫। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান, যার AQI রেকর্ড করা হয়েছে ১৫৮।
রাজধানীর কয়েকটি এলাকায় দূষণের মাত্রা তুলনামূলক বেশি দেখা গেছে। এর মধ্যে আগারগাঁওয়ে AQI ছিল ২৭৩, উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকায় ২৪১ এবং বেচারাম দেউড়িতে ২৩১।
বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে সাধারণত বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বাতাসের মান উন্নত হওয়ার প্রবণতা থাকে। তবে এবার দূষণের মাত্রা দীর্ঘস্থায়ী হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব এড়াতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে IQAir। বাইরে বের হলে মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাইরে ব্যায়াম না করা এবং ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ