রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের সহযোগিতা চাইল বাংলাদেশ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে নরওয়ে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়েও সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে নরওয়ের দ্রুত স্বীকৃতি এবং দেশের উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং জানান, নরওয়ে এখন উন্নয়ন সহযোগিতার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পের নরওয়ের বাজারে রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে নরওয়ের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
প্রতিবেদন: RDM News প্রতিনিধি