ভিসার নিয়মে হঠাৎ পরিবর্তন আনলো ভারত…
ভারতে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধিতে সংশোধন এনে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন নিয়মে বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে কিছু ছাড় দেওয়া হলেও অবস্থান ও নিবন্ধন প্রক্রিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন, তাদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগে এ ক্ষেত্রে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর অতিরিক্ত ১৪ দিনের সুযোগ ছিল।
এছাড়া যেসব ভিসাধারীর মোট ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু একটানা অবস্থানের সীমা ১৮০ দিন নির্ধারণ করা আছে, তারাও ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করতে বাধ্য থাকবেন। ভারত সরকার বলছে, এর মাধ্যমে বিদেশিদের অবস্থান সংক্রান্ত তথ্য তদারকি আরও কার্যকর করা সম্ভব হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া অতিরিক্ত সময় অবস্থানের অনুমতি দেওয়া হবে না। ফলে নির্ধারিত সময়ের বাইরে থাকার সুযোগ এখন আরও সীমিত হয়ে যাচ্ছে।
অন্যদিকে, বিদেশি নাগরিকদের ভারতে জন্ম নেওয়া সন্তানদের ক্ষেত্রে কিছু মানবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তান ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চায়, তাহলে জন্মের সঙ্গে সঙ্গে তথ্য জানানো বাধ্যতামূলক নয়। তবে পরবর্তীতে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
এ ছাড়া হাসপাতাল, নার্সিং হোম ও আবাসন সুবিধাসহ চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর রিপোর্টিং ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। সরকার জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো তথ্য সংরক্ষণ ও ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে আরও আধুনিক করা।
— RDM News প্রতিনিধি