যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের নিরাপত্তাকর্মীও রয়েছেন। হামলার পর ঘটনাস্থলের কাছ থেকে একটি গাড়ির ভেতর দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।
স্থানীয় সময় সোমবার দুপুরের আগে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাটিকে ঘৃণাজনিত হামলা হিসেবে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত অস্ত্রের একটিতে বিদ্বেষমূলক লেখা পাওয়া গেছে। এছাড়া সন্দেহভাজনদের কাছ থেকে উদ্ধার করা একটি চিরকুটেও জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য ছিল বলে জানা গেছে।
নিহত নিরাপত্তাকর্মী ছিলেন আট সন্তানের বাবা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তিনি নিজের জীবন বাজি রেখে মসজিদের ভেতরে থাকা শিশু ও মুসল্লিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ওই ইসলামিক সেন্টারের ভেতরে শিশুদের জন্য একটি শিক্ষাকেন্দ্রও পরিচালিত হতো এবং হামলার সময় সেখানে বেশ কয়েকজন শিশু অবস্থান করছিল।
পুলিশ প্রধান জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত এক কিশোর তার মায়ের বাসা থেকে তিনটি অস্ত্র নিয়ে বের হয়েছিল। বিষয়টি জানার পর থেকেই সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
ঘটনার পর গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তারা বলেছেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
📍 আন্তর্জাতিক ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ