স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের সহযোগিতা চান সিইসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব পক্ষের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব নয়।
সোমবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, নির্বাচনসংক্রান্ত আইনি ও বিধিগত সংস্কার কাজ শেষ হওয়ার পর সরকারকে সঙ্গে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনকে সংঘাতমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি ছিল জনগণের অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন।
তবে একই অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক নেতারা নির্বাচন নিয়ে ভিন্ন মত তুলে ধরেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন পুরোপুরি সন্তোষজনক ছিল না এবং প্রক্রিয়ার ভেতরে স্বচ্ছতার ঘাটতি ছিল।
এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী নির্বাচনে “ইলেকশন ইঞ্জিনিয়ারিং”-এর অভিযোগ এনে বলেন, নির্বাচন ঘিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
তার বক্তব্যের জবাবে সিইসি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের অধিকার রয়েছে। নাসীরউদ্দীন পাটওয়ারী তার বিশ্বাস থেকে কথা বলেছেন এবং এতে তিনি ব্যক্তিগতভাবে আহত নন বলেও মন্তব্য করেন।
📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ