নার্সিং শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হাসপাতালের কর্মকর্তা.
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ধর্ষণ মামলার আসামি চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ মো. মেহেদী হাছানকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।
গ্রেপ্তার মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।
মামলার বাদী একজন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মেহেদী হাছানের বিরুদ্ধে। অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নেন।
ঘটনাটি তদন্ত করেছে পিবিআই কুমিল্লা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আদালতে সোপর্দ করা হবে।
RDM News প্রতিনিধি