ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, আহত বাবা ও বোন
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের হামলায় মর্মান্তিক এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে মা গুলশান আরা বেগম লাকি (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মোস্তফা ভূঁইয়া (৫০) এবং মেয়ে মিথিলা মোস্তফা সাহারা (১৮)।
রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মাতু মেস্তরি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মোশাররফ হোসেন রাফি (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পরিবার একাধিকবার চেষ্টা করলেও কোনো পরিবর্তন হয়নি। এ নিয়ে পরিবারে প্রায়ই বিরোধ লেগে থাকত।
রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাফি ক্ষিপ্ত হয়ে মায়ের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা ও বোনকেও ছুরিকাঘাত করে সে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলশান আরা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহত বাবা ও মেয়েকে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হামলার জন্য অভিযুক্ত রাফি অনলাইনে দুটি ছুরি কিনেছিল। ঘটনার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী প্রতিনিধি | RDM News 24 | ঢাকা, Bangladesh