সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান…..
ডিআইজি আলি আকবর খান বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন। সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনে তার অবদানের জন্য তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলি আকবর খান দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
— আরডিএম নিউজ প্রতিনিধি