হজকে সামনে রেখে পরিবহন ও যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করছে সৌদি আরব।
উচ্চক্ষমতাসম্পন্ন রেল, শাটল বাস ও স্মার্ট সড়ক ব্যবস্থাপনার মাধ্যমে ১৬ লাখের বেশি হজযাত্রীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই বিশাল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে আল-মাশায়ের আল-মুকাদ্দাসাহ মেট্রো। সম্পূর্ণ বিদ্যুচ্চালিত এই মেট্রো মিনা, মুজদালিফা ও আরাফাতকে সংযুক্ত করেছে। হজ মৌসুমে দুই মিলিয়নের বেশি যাত্রী পরিবহনে সক্ষম এই ব্যবস্থা যানজট কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব যোগাযোগ নিশ্চিত করছে।
১৮ কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে ৯টি স্টেশন। ১৭টি ট্রেনের প্রতিটিতে প্রায় ৩ হাজার যাত্রী বহনের সুবিধা রয়েছে এবং প্রতি ঘণ্টায় প্রায় ৭২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব। আরাফাত থেকে মিনায় পৌঁছাতে সময় লাগে মাত্র ২০ মিনিট।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো চালুর ফলে বছরে প্রায় ৫০ হাজার বাসযাত্রা কমেছে, যা কার্বন নিঃসরণ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে মদিনায় ‘মদিনা বাস’ প্রকল্পের আওতায় আরাফার দিন ও ঈদুল আজহা উপলক্ষে মসজিদে নববী ও কুবা মসজিদে বিশেষ শাটল সেবা চালু করা হচ্ছে। এর মাধ্যমে যানজট কমিয়ে মুসল্লি ও দর্শনার্থীদের সহজ যাতায়াত নিশ্চিত করা হবে।
তীব্র গরম ও বিপুল জনসমাগমের মধ্যেও হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।