তথ্যের জগৎ এখন আর নিয়ন্ত্রণের জায়গায় নেই: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্যের জগৎ আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। তাই আধুনিক জনসংযোগ ব্যবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি।
রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যৌথভাবে কাজ করলে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে এবং জাতিকে সঠিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ কার্যক্রম কল্পনা করা যায় না। আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি তথ্য ক্যাডারের কর্মকর্তাদের আধুনিক জনসংযোগ ব্যবস্থায় আরও দক্ষ হয়ে উঠতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, “চাই বা না চাই, আমরা এখন পারসেপশন ম্যানেজমেন্টের এক ধরনের লড়াইয়ের মধ্যে আছি। তাই দক্ষ জনবল গড়ে তোলা জরুরি।”
এ সময় তিনি জনসংযোগ কর্মকর্তাদের পাবলিক সাইকোগ্রাফি সম্পর্কে জানার ওপরও গুরুত্বারোপ করেন।
— RDM News প্রতিনিধি