এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ আল-হুযাইফি
চলতি বছরের পবিত্র হজে আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর উদ্দেশে হজের গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি। আগামী ৯ জিলহজ আরাফাত দিবসে তিনি এই খুতবা দেবেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকীয় আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। হারামাইনবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শায়খ আল-হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেছেন। এছাড়া কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুমধুর কুরআন তেলাওয়াত মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয়।
আরাফাতের দিনের খুতবা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজির উদ্দেশে এই খুতবার মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, মানবতা, ঐক্য ও তাকওয়ার বার্তা তুলে ধরা হয়।
এদিকে মুসলিম বিশ্বে ইতোমধ্যে হজের প্রস্তুতি জোরদার হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীরা।
📍 আন্তর্জাতিক ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ