বাংলাদেশের সেরা পারফর্মারকে গাড়ি উপহার দেবে বিসিবি

admin

May 12, 2026

বাংলাদেশের সেরা পারফর্মারকে গাড়ি উপহার দেবে বিসিবি

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্দীপনা যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশীয় ক্রিকেটারদের আরও অনুপ্রাণিত করতে এবার সিরিজসেরা বাংলাদেশি ক্রিকেটারের জন্য বিলাসবহুল চেরি গাড়ি পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি ও আন্তর্জাতিক গাড়ি ব্র্যান্ড চেরির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের সেরা পারফর্মারকে উপহার দেওয়া হবে একটি চেরি গাড়ি।

এর আগে নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে ক্রিকেটারদের বাড়তি উৎসাহ দিতে বাইক উপহার দেওয়ার উদ্যোগ নেয় বিসিবি। এবার সেই আয়োজন আরও বড় পরিসরে নিয়ে যাওয়া হয়েছে।

অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, “অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের বেস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারকে একটি গাড়ি উপহার দেবে চেরি। এটি খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়া ইতিবাচক দিক। গত কয়েক বছরে বিসিবির ভাবমূর্তি নিয়ে যেসব আলোচনা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে বড় ব্র্যান্ডের আগ্রহ তৈরি হওয়াকে তিনি আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।

পুরনো স্মৃতি তুলে ধরে তামিম জানান, বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সময়ও বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়েছিল। সে সময় তার ভাই নাফিস ইকবাল সেই সম্মাননা পেয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর আবার এমন উদ্যোগ ফেরায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

বিসিবি সভাপতি আরও বলেন, স্পন্সরদের এই আগ্রহ ব্যক্তি নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের প্রতি আস্থার প্রতিফলন। ক্রিকেটের উন্নয়ন ও খেলোয়াড়দের উৎসাহ দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

স্পোর্টস ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ