শপথ নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন বিজয় থালাপতি
তামিলনাড়ুতে সরকারি মদের দোকান বন্ধে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রাজ্যজুড়ে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, টাসম্যাক পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি দোকানের মধ্যে শতাধিক দোকান গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের আশপাশে অবস্থিত ছিল। এর মধ্যে মন্দিরের কাছে ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ১৮৬টি এবং বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫৫টি দোকান রয়েছে।
ক্ষমতায় আসার পর জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়। সরকারের দাবি, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও যাতায়াত কেন্দ্রের পাশে মদের দোকান থাকায় সামাজিক অস্বস্তি ও নানা সমস্যা তৈরি হচ্ছিল।
যদিও তামিলনাড়ুর বড় একটি রাজস্ব আসে মদ বিক্রি থেকে, তারপরও এই সিদ্ধান্তকে অনেকেই সাহসী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার পথে এটি গুরুত্বপূর্ণ সূচনা।
আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ