বিআরটিএ নির্ধারিত নাম্বার প্লেট ব্যবহার না করলে ব্যবস্থা—ডিএমপির গণবিজ্ঞপ্তি

admin

May 12, 2026

বিআরটিএ নির্ধারিত নাম্বার প্লেট ব্যবহার না করলে ব্যবস্থা—ডিএমপির গণবিজ্ঞপ্তি

ঢাকা মহানগরীতে যানবাহনে বিআরটিএ কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং আরএফআইডি (RFID) ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১১ মে ২০২৬) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক যানবাহনে বিআরটিএ প্রদত্ত নির্ধারিত ডিজাইন, রং ও সাইজের নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে না। কোথাও কোথাও শুধুমাত্র হাতে লেখা বা পেইন্ট করা নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইনত গ্রহণযোগ্য নয়। এছাড়া কিছু যানবাহনে নির্ধারিত নাম্বার প্লেট থাকলেও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না বা ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে, ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে।

ডিএমপি আরও জানায়, যেসব যানবাহনের মালিকরা নাম্বার প্লেটের অর্থ পরিশোধ করেও এখনো প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি, তাদের দ্রুত তা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে।

এছাড়া যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কি না, তা যাচাই করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, আগামী সপ্তাহ থেকে বিআরটিএ নির্ধারিত নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যার মধ্যে জরিমানাও অন্তর্ভুক্ত থাকবে।

ডিএমপি সংশ্লিষ্ট সকল যানবাহন মালিক ও চালকদের এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

📍 ঢাকা প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ