বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু
বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আতিকুর রহমান শাহিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাতেমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃত গনি মিয়ার ছেলে এবং পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে বাড়ির সামনে থাকা একটি মসজিদে পাম্পের মাধ্যমে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ