বোনজামাইকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই, গ্রেপ্তার দুই ভাইসহ তিনজন

admin

May 12, 2026

বোনজামাইকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই, গ্রেপ্তার দুই ভাইসহ তিনজন

রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন আপন ভাই এবং অপরজন তাদের বোনজামাই।

আটকরা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পুলিশের তথ্য অনুযায়ী, পলাশ ও সাকিবের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। বিপ্লব তাদের আত্মীয়।

সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন।

পুলিশ জানায়, রোববার গভীর রাত থেকেই মোটরসাইকেলভিত্তিক একটি ছিনতাই চক্রের ওপর নজরদারি চালানো হচ্ছিল। ভোরে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় তাদের ধাওয়া করা হলে তারা মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে।

মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে অভিযুক্তরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে বলে দাবি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে একজনের পায়ে গুলি লাগে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারী ও অটোরিকশার যাত্রীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল।

এদিকে, এই চক্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মোহাম্মদপুর থানায় যান পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। তিনি জানান, শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালের সামনে অটোরিকশায় যাওয়ার সময় তার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছিল।

📍 আরডিএম প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ