২৪ ঘণ্টায় ৮ পুশইন প্রচেষ্টা ব্যর্থ, সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় অবৈধ অনুপ্রবেশের আটটি পৃথক প্রচেষ্টা প্রতিহত করেছে *বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)*। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন মেনে নেওয়া হবে না এবং সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির তথ্যমতে, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিনজন ব্যক্তি ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের বাধা দেয়। পরে তারা ফিরে যায়।
এছাড়া নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।
লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে পুশইনের চেষ্টা রুখে দেওয়া হয়। বর্তমানে তারা সীমান্তসংলগ্ন ভারতীয় এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
অন্যদিকে, পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে রাখা হলে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোনা সীমান্তেও অনুরূপ পরিস্থিতিতে বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্তের ওপারে জড়ো করে রাখা কয়েকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সজাগ রয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
📍 *RDM প্রতিনিধি | RDM News 24, ঢাকা, বাংলাদেশ*