হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও..

admin

June 4, 2026

হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও.

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। শুধু শিশুরাই নয়, বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক প্রাপ্তবয়স্কও এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।
রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৬ শতাংশের বয়স ১৫ বছরের বেশি। এছাড়া ৬ শতাংশ রোগীর বয়স ৩০ বছরের ওপরে। ইতোমধ্যে হাসপাতালে দুইজন প্রাপ্তবয়স্ক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
হাসপাতালের হাম ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৩২ বছর বয়সী ইব্রাহিম মল্লিকসহ বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। একই ওয়ার্ডে থাকা কেয়া বিশ্বাস ও আব্দুল মালেকের বয়সও ত্রিশের বেশি। তারা তীব্র মাথাব্যথা, মুখে ঘা এবং অন্যান্য জটিল সমস্যায় ভুগছেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ২ জুন পর্যন্ত ডিএনসিসি হাসপাতালে মোট ৬ হাজার ৬৮২ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩০ বছরের বেশি বয়সী রোগীর সংখ্যা ৩৮৭ জন এবং ১৫ বছরের বেশি বয়সী রোগী ৬৭৯ জন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার জানান, হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম আক্রান্ত হয়ে ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রয়েছেন আরও ৭৪ হাজার ৫৭২ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ