হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

admin

May 19, 2026

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

রাজধানীতে হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার বিভাগ (এলজিআরডি) সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান এবং রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজ্জামান। শুনানির সময় আদালতে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মণ্ডল, মো. মোর্শেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ।

আদেশের পর আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের জানান, নীতিমালা তৈরি করে হকারদের জন্য রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। এর ফলে জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সংবিধান ও সড়ক পরিবহন আইনের স্পষ্ট পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রচলিত সড়ক পরিবহন আইন অনুযায়ী রাস্তার উভয় পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখার সুনির্দিষ্ট বিধান রয়েছে। কিন্তু হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়ার মাধ্যমে আইনটির ৩৭ ধারা সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। এই জনদুর্ভোগ স্থায়ীভাবে বন্ধ করতেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান এই আইনজীবী।

আইন ও আদালত ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ