দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হাম বিষয়ক সভাটি ইউনিসেফের নয়: অনুসন্ধানে সত্য তথ্য

admin

May 19, 2026

দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হাম বিষয়ক সভাটি ইউনিসেফের নয়: অনুসন্ধানে সত্য তথ্য

সম্প্রতি রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত “হাম ও স্বাস্থ্য ব্যবস্থা” বিষয়ক একটি গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিক ও সংস্কৃতিকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বৈঠক থেকে দেশের বর্তমান হাম পরিস্থিতির জন্য বিগত অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবি তোলা হয়।

এরই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে, এই গোলটেবিল বৈঠকটির মূল আয়োজক জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ (UNICEF) এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) যৌথ প্রকল্প ‘চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’। কেউ কেউ আবার অভিযোগ তুলছেন, নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের দিয়ে বর্তমান সরকারের সমালোচনা করানোর জন্যই ইউনিসেফ এই আলোচনা সভার আয়োজন করেছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আলোচিত এই গোলটেবিল বৈঠকটির সাথে ইউনিসেফ বা ইউরোপীয় ইউনিয়নের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

প্রকৃতপক্ষে, ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ নামের সম্পূর্ণ নতুন গঠিত একটি দেশীয় প্ল্যাটফর্ম এই জরুরি মতবিনিময় সভার আয়োজন করেছিল। গত ১৬ মে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত “হাম সংকটে টিকা–ব্যর্থতার তদন্ত ও জরুরি প্রস্তুতির আহ্বান” শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার কার্যালয়ে ‘চিলড্রেনস লাইভস ম্যাটার’ শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন আনন্দ কুটুম ও হো চি মিন ইসলাম। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, এই প্ল্যাটফর্মটি একেবারেই নতুন।

বিষয়টি নিয়ে ইউনিসেফের মিডিয়া বিভাগের সাথে যোগাযোগ করা হলে তাদের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ নামে ইউনিসেফের কোনো প্রজেক্ট বাংলাদেশে নেই।

মুখপাত্র বলেন, “শিশু সুরক্ষায় আমাদের বহু ধরনের কাজ ও প্রকল্প রয়েছে। তবে এই নামে কোনো প্রকল্প নেই। একই সাথে, যেই গোলটেবিল বৈঠকের কথা বলা হচ্ছে, সেটির আয়োজনের সাথে ইউনিসেফ কোনোভাবেই জড়িত নয়।”

সুতরাং, রাজনৈতিক উদ্দেশ্যে আয়োজিত এই আলোচনা সভার সাথে জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

জাতীয় ও ফ্যাক্টচেক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ