স্বামীর ক্যানসার — পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি জানান, আগামী ৩০ জুন থেকে পদত্যাগ কার্যকর হবে।
চিঠিতে তুলসী গ্যাবার্ড লেখেন, তার স্বামী আব্রাহামের সম্প্রতি অত্যন্ত বিরল একটি বোন ক্যানসার ধরা পড়েছে। আগামী দিনগুলোতে তার পাশে থাকতে ও পূর্ণ সমর্থন দিতে সরকারি দায়িত্ব থেকে সরে আসা জরুরি হয়ে পড়েছে।
তবে হোয়াইট হাউসের একটি সূত্র ভিন্ন কথা বলছে। সূত্রমতে, হোয়াইট হাউসই তাকে পদ ছাড়তে বাধ্য করেছে। উল্লেখ্য, ইরান নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধের কথা আগেই সামনে এসেছিল। গত মার্চে ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দমনে তুলসী তার চেয়ে ‘নমনীয়’ অবস্থানে রয়েছেন।
২০০১ সালের ৯/১১ হামলার পর মার্কিন কংগ্রেস জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি সৃষ্টি করে। এটি মার্কিন সরকারের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ। গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছিলেন ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ