*সাতক্ষীরায় আম উৎপাদন ৭০ হাজার টন, রপ্তানির লক্ষ্য ১০০ টন*
সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ইতোমধ্যে সুস্বাদু হিমসাগরসহ বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার মেট্রিক টন এবং বাস্তবে উৎপাদিত হয়েছিল ৬৬ হাজার ২৫০ মেট্রিক টন আম।
এবার হেক্টরভিত্তিক চাষ কিছুটা বাড়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রাও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে গত বছর সাতক্ষীরা থেকে ৭২ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এবার সেই পরিমাণ আরও বাড়ানোর আশা করছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। এর আগে ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ আম সংগ্রহের মাধ্যমে মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সাতক্ষীরা সদরের কুখরালী এলাকার আমচাষী হাফিজুল ইসলাম জানান, তার বাগান থেকে এবার যুক্তরাজ্য ও ইতালিতে চার টন হিমসাগর আম রপ্তানি করা হচ্ছে। তিনি প্রতি মণ আম তিন হাজার টাকায় বিক্রি করছেন বলে জানান।
স্থানীয় বাজারে আমের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা কমেছে। বর্তমানে জাত ও মানভেদে প্রতি মণ হিমসাগর আম দেড় হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, হিমসাগর আম এখন পরিপক্ব হওয়ায় ১৫ মে থেকে সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করা যাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আবহাওয়া ও মাটির গুণগত কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় আগে বাজারে আসে। নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং চলছে।
জেলা কৃষি বিভাগ আশা করছে, এবার সাতক্ষীরায় আম বিক্রি থেকে ৪০০ কোটি টাকার বেশি আয় হবে।
📍 সাতক্ষীরা প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 সাতক্ষীরা, বাংলাদেশ
#Satkhira #Mango #MangoExport #AgricultureNews #BangladeshNews #BreakingNews #RDMNews24 #সাতক্ষীরা #আমউৎপাদন