সাংবাদিকদের সুনির্দিষ্ট বেতন স্কেল থাকা দরকার, পেটে ভাত না থাকলে ভালো সাংবাদিকতা অসম্ভব: ফাহিম আহমেদ
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও অর্থনৈতিক সুরক্ষায় একটি সুনির্দিষ্ট এবং স্থায়ী বেতন স্কেল থাকা অত্যন্ত জরুরি। সরকার যদি এই বিষয়ে যথাযথ নজর দেয়, তাহলে দেশের গণমাধ্যম খাতের অনেক পুঞ্জীভূত সমস্যারই স্থায়ী সমাধান হবে বলে মন্তব্য করেছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ফাহিম আহমেদ।
আজ বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বিবিসি মিডিয়া অ্যাকশন’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন।
ফাহিম আহমেদ গণমাধ্যমকর্মীদের রূঢ় বাস্তবতার চিত্র তুলে ধরে বলেন, “বর্তমানে বাংলাদেশের সাংবাদিকদের সবচেয়ে বড় এবং প্রধান সংকট হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের মাঠপর্যায়ের ও ডেস্কের সাংবাদিকেরা অত্যন্ত কম বেতন পান। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ মৌলিক সুযোগ-সুবিধা বেশিরভাগ গণমাধ্যম প্রতিষ্ঠানেই অনুপস্থিত। অল্প দু-একটি প্রথম সারির প্রতিষ্ঠানে এসব সুবিধা থাকলেও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর অবস্থা আরও শোচনীয়। সমাজ বা সাধারণ মানুষ বাইরে থেকে সাংবাদিকদের জীবনযাত্রা যতটা লাক্সারি (বিলাসবহুল) মনে করে, বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো। সাংবাদিকরা ন্যূনতম বেতন পান, কিন্তু দুঃখের বিষয় হলো—অধিকাংশ মালিকপক্ষ নিয়মিত সেই বেতনটুকুও দিতে চায় না।”
তিনি আরও বলেন, “আপনারা আমাদের কাছে আন্তর্জাতিক মানের এবং সৎ সাংবাদিকতা আশা করেন। কিন্তু আমাদের পেটে ভাত থাকবে না, অথচ আমরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত ভালো সার্ভিস দেবো ও আদর্শিক সাংবাদিকতা করব—এটা বর্তমান বাস্তবতায় আমার কাছে একটু অতিরিক্ত ও অযৌক্তিক চাওয়া মনে হয়। বিজেসি সব সময় সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের একার পক্ষে এই গভীর সংকটের সমাধান করা সম্ভব নয়। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা বড়জোর নীতিগত কাজ করতে পারি কিংবা চাপ প্রয়োগ করতে পারি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই। এই জায়গায় রাষ্ট্র ও সরকারের একটি কঠোর ও কার্যকর আইনি ভূমিকা প্রয়োজন।”
জাতীয় ও গণমাধ্যম ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ