শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে ফ্রিজে রাখার অভিযোগ, স্ত্রী আটক
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে ফ্রিজে রাখার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদার ও তার স্ত্রী আসমা আক্তার। প্রায় আট বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কের একপর্যায়ে আসমা আক্তার স্বামী জিয়া সরদারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর হত্যাকাণ্ড গোপন করতে মরদেহ টুকরো করা হয় বলে অভিযোগ। পরে হাড়ের অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় এবং মাংসের অংশ ফ্রিজে সংরক্ষণের চেষ্টা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
📍 শরীয়তপুর প্রতিনিধি | আরডিএম নিউজ ২৪
📍 শরীয়তপুর, বাংলাদেশ