মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ও বাংলাদেশের কিছু এলাকা
রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে মিয়ানমারে একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের জন্য ভবন কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
এর আগে শনিবার (৯ মে) বিকেলেও দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হওয়া ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৫।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। কম গভীরতার কারণে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে এর প্রভাব বেশি অনুভূত হয়।
লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা মৃদু থেকে মাঝারি ধরনের কম্পনের কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ