আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।
রোববার (১০ মে) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্যারিস্টার ও করপোরেট আইনজীবীদের আয়োজিত “ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশে ইংরেজি মাধ্যমে আইন ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসা শিক্ষার্থীদের জন্য বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা অনেক ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়াচ্ছে। কারণ পরীক্ষাটি মূলত বাংলা ভাষায় অনুষ্ঠিত হয়, যা সংস্কারের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, মেধাবী নতুন আইনজীবীদের সুপ্রিম কোর্টে কাজের সুযোগ বাড়াতে হবে। বর্তমানে অনেক তরুণ আইনজীবী বার কাউন্সিল পরীক্ষার জটিলতার কারণে পেশায় না থেকে করপোরেট প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন।
বিচার বিভাগের বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, আদালতের কোর্ট ফি ও স্ট্যাম্প বিক্রি থেকে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি আয় হয়, অথচ পুরো বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা—এটি বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এমপি, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিনিধি | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ