বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না
বিশ্বকাপ দেখতে স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে ফিফা। এখন থেকে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
এর আগে মে মাস পর্যন্ত ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে বলা ছিল, দর্শকেরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন। তবে নতুন করে সেই নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে।
হালনাগাদ নীতিমালায় ফিফা স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে বহন করা যাবে না। ফলে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে প্রবেশের পর বোতলজাত পানি কিনেই পানির চাহিদা মেটাতে হবে।
হঠাৎ এমন সিদ্ধান্তে অনেক দর্শকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহারে যারা অভ্যস্ত, তারা এই নিষেধাজ্ঞাকে হতাশাজনক বলছেন।
#RDM_News_প্রতিনিধি