নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক আশঙ্কামুক্ত
নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বুধবার (২০ মে) দুপুরে কারখানাটিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন— মো. মিজান, সুমন, মিলন ও উজ্জ্বল। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা শেষে দেখা গেছে— মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ তুলনামূলক অনেক কম হওয়ায় তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত। তবে সতর্কতার অংশ হিসেবে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহতদের সহকর্মী সজল জানান, তারা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন রসুলপুর এলাকার ‘চায়না স্টিল মিল’ নামক একটি কারখানায় কর্মরত আছেন। আজ দুপুরে লোহা গলানোর বয়লার মেশিনে স্ক্র্যাপ বা কাঁচামাল ঢালার কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বয়লারের ভেতরের উত্তপ্ত তরল লোহা ও আগুনের ছিটকে এসে চার শ্রমিকের শরীর দগ্ধ হয়। পরে কারখানার অন্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
শিল্প ও দুর্ঘটনা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ