দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো, ভরি প্রতি হ্রাস পেল ২ হাজার ১৫৮ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানো হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে সংগতি রেখে সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (২০ মে) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুসের দায়িত্বপ্রাপ্ত কমিটি স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৬ মে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরি প্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। মাত্র চার দিনের ব্যবধানে বাজারে আবারও দাম কমায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অর্থনীতি ও ব্যবসা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ