এআই পেন্ডেন্ট আনছে মেটা,পাওয়া যাবে যেসব সুবিধা…

admin

June 3, 2026

এআই পেন্ডেন্ট আনছে মেটা,পাওয়া যাবে যেসব সুবিধা…

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা নতুন ধরনের এআই পেন্ডেন্ট ডিভাইস নিয়ে কাজ করছে। জানা গেছে, আগামী বছর থেকে এই ডিভাইসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই-নির্ভর ওয়্যারেবল প্রযুক্তির বাজার আরও বিস্তৃত করতে চায়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা অভ্যন্তরীণভাবে নতুন এআই পেন্ডেন্ট বাজারে আনার পরিকল্পনা করছে। একইসঙ্গে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য ‘Wearables for Work’ নামে নতুন একটি সেবাও চালুর চিন্তা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মেটার ওয়্যারেবলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল এক অভ্যন্তরীণ বার্তায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
নতুন এআই পেন্ডেন্টটি ‘অলওয়েজ-অন’ কনটেক্সট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ডিভাইসটিতে আশপাশের কথোপকথন শনাক্ত ও রেকর্ড করার জন্য উন্নত মাইক্রোফোন প্রযুক্তি থাকতে পারে। এছাড়া কথোপকথনের স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন, দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ তৈরি, ইমেইল ও ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণ এবং প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়ার মতো সুবিধা থাকতে পারে।
ডিভাইসটির নকশা হবে ছোট ও স্ক্রিনবিহীন। এটি গলায় পেন্ডেন্ট হিসেবে কিংবা ক্লিপ আকারেও ব্যবহার করা যাবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, মেটার অধিগ্রহণ করা এআই স্টার্টআপ ‘লিমিটলেস’-এর প্রযুক্তির ওপর ভিত্তি করেই নতুন ডিভাইসটি তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পূর্ববর্তী ডিভাইস কথোপকথন রেকর্ড করে ট্রান্সক্রিপ্ট ও সারাংশ তৈরির সুবিধা দিত।
এর আগে মেটা রে-ব্যান ও ওকলি ব্র্যান্ডের এআইচালিত স্মার্ট গ্লাস বাজারে এনেছে। নতুন পেন্ডেন্ট যুক্ত হলে ওয়্যারেবল পণ্যের পরিধি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এদিকে মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগ চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে। তবে নতুন পণ্য ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে ২০২৬ সালের মধ্যে প্রায় এক কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

— RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ