আল জাজিরার ‘৩৬ ডেইজ ইন জুলাই’ প্রামাণ্যচিত্রের টেলি অ্যাওয়ার্ডস জয়
আন্তর্জাতিক ও গণমাধ্যম ডেস্ক, RDM News 24
ঢাকা, বাংলাদেশ: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের দমনপীড়নের ওপর নির্মিত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘৩৬ ডেইজ ইন জুলাই: শেখ হাসিনাস সিক্রেট অর্ডারস রিভিলড’ (36 Days in July: Sheikh Hasina’s secret orders revealed) বিশ্বখ্যাত ‘দ্য টেলি অ্যাওয়ার্ডস’-এ একটি গোল্ড এবং চারটি সিলভার পুরস্কার জয় করেছে।
চলতি বছরের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের পর আল জাজিরা টিমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ কর্তৃপক্ষ।
শনিবার (২৩ মে) এক বিবৃতিতে জাদুঘর কর্তৃপক্ষ জানায়, তৎকালীন ফ্যাসিবাদী সরকারের চালানো নৃশংসতা ও হত্যাকাণ্ডের ওপর এই তথ্যবহুল প্রামাণ্যচিত্রটি নির্মাণ করার জন্য তারা আল জাজিরার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এই অনুসন্ধানী প্রতিবেদনের নির্মাণকাজ চলাকালীন মাঠপর্যায়ে লোকেশন সাপোর্টসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফ্যাসিবাদী শাসনব্যবস্থার নানাদিক নিয়ে ভবিষ্যতে যেকোনো ধরণের গবেষণা, তথ্যচিত্র নির্মাণ বা প্রামাণ্য দলিলের কাজে সব ধরণের সহায়তামূলক ভূমিকা পালন করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক অঙ্গনে এই পুরস্কার প্রাপ্তি জুলাই আন্দোলনের সত্য ঘটনাকে বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গণমাধ্যম ও জাতীয় ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ