থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ওসিসহ ৫ পুলিশ সদস্য ক্লোজড

admin

June 4, 2026

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ওসিসহ ৫ পুলিশ সদস্য ক্লোজড

রংপুর মহানগরীর কোতয়ালী থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— কোতয়ালী থানার ওসি আজাদ রহমান, নারী কনস্টেবল লিমা সরেন, কনস্টেবল বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা এবং সাব-ইন্সপেক্টর মাসুদ রানা।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানার ভেতরে এ মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর প্রথমে তিনজন এবং পরে ওসিসহ আরও দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।
ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিসি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান এবং কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার সুকুমার রায়।
মারধরের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিব রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার অভিযোগ, ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করে আহত করেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে সিও বাজার এলাকার এক প্রেমিক যুগল নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরে ওই যুগলকে উদ্ধারের পর বিষয়টি মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান।
অভিযোগ রয়েছে, সেখানে এক পুলিশ সদস্যকে ওই যুগলকে মারধর করতে দেখে আপত্তি জানান রাকিবুল ইসলাম রাকিব। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা তার ওপর চড়াও হন এবং মারধর করেন।
ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। এ সময় আহত রাকিবুলের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RDM News প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ