ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, আটক কিশোর গ্যাং লিডার
কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক অসহায় ভিক্ষুককে কুপিয়ে আহত করে তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক কিশোর গ্যাং লিডারকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য এক ভিক্ষুকের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে। পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্তের নির্দেশ দেন।
অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে শনাক্ত করা হয়। বুধবার তাকে আটক করার পর বিষয়টি প্রশাসককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
RDM News প্রতিনিধি