বিএসইসি’র নতুন চেয়ারম্যান ক্রাউন সিমেন্টের সিইও মাসুদ খান
চেয়ারম্যান ও ৪ কমিশনারের একযোগে পদত্যাগের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় বড় রদবদল।
ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসি-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ খান। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে বিএসইসি’র বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার একযোগে পদত্যাগ করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) এর অধীনে মাসুদ খান যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে শর্ত থাকে যে, স্বার্থের সংঘাত এড়াতে তাকে অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসংস্থান এবং পেশাদার সম্পর্ক ছিন্ন করতে হবে। তার বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে আজ সকালে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পরপরই সংস্থার চার কমিশনার—মো. সাইফউদ্দিন, মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লারারুখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাদের পদত্যাগপত্র সাবমিট করেন। বিদায়ী কমিশনার মো. সাইফউদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “আমরা সবাই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।”
এই গণ-পদত্যাগের ঘটনাটি এমন সময় ঘটল যার মাত্র দুই দিন আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছিলেন যে, আগামী দুই সপ্তাহের মধ্যে অরাজনৈতিক এবং অভিজ্ঞ বাজার পেশাদারদের সমন্বয়ে বিএসইসি পুনর্গঠন করা হবে। নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে যোগ দিয়েছিলেন। প্রায় ২১ মাসের মেয়াদ শেষে আজ সকালে এক বার্তায় তিনি বলেন, “আমরা সবচেয়ে সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছিলাম এবং আইনি কাঠামো ও বাজারের শৃঙ্খলা সংস্কারের কাজ শুরু করেছিলাম।”
এদিকে, আজ সকাল ১১টায় নির্ধারিত বিএসইসি’র ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠানটি অনিবার্য কারণ দেখিয়ে হঠাৎ স্থগিত করা হয়। বাজার অংশীজন ও সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল বুধবার একটি বৈঠকের পর চেয়ারম্যান ও কমিশনাররা তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে কার্যালয় ত্যাগ করেন এবং আজ সকালে তারা কেউ অফিসে আসেননি। নতুন চেয়ারম্যান মাসুদ খানের হাত ধরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা দ্রুত ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অর্থনৈতিক প্রতিবেদক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ