এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি.

admin

June 4, 2026

এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি.

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তিনি জানান, পুশইনের চেষ্টা করা ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। ভারতের আশরাফপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে কঠোর অবস্থান নেয়। ফলে ওই ব্যক্তিরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
বিজিবি জানিয়েছে, তাদের নিজ দেশে ফিরে যেতে অনুরোধ করা হচ্ছে। তারা ফিরে না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সীমান্তের ওপারে বিএসএফ চৌকিগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে এপারে বিজিবিও টহল ও নজরদারি বাড়িয়েছে।
এর আগে গত রোববার যশোরের বেনাপোল সীমান্ত দিয়েও ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে সেবারও বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তিন দিন সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর মঙ্গলবার রাতে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ।

#RDM_News_প্রতিনিধি

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ