জুনে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস……
জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং বেশি তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত দীর্ঘমেয়াদী আবহাওয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কয়েকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।
জুনের মাঝামাঝি সময়ে শুরু হবে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়। সাধারণত এ মাসে দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, জুনে গড়ে প্রায় ৪৫৯ মিলিমিটার এবং জুলাইয়ে প্রায় ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে এবার জুনে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, গত এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
RDM News প্রতিনিধি