ঈদের ছুটি শেষে পুরোনো ছন্দে ঢাকা, বেড়েছে যানচলাচল……
ঈদুল আজহার ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কয়েকদিনের তুলনামূলক ফাঁকা সড়কগুলোতে আবারও দেখা মিলছে চেনা ব্যস্ততার।
যদিও রোববার থেকেই সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে, তবে সোমবার পর্যন্ত যান চলাচল অনেকটাই স্বস্তিদায়ক ছিল। মঙ্গলবার থেকে উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে।
সকালের দিকে রাজধানীর বিভিন্ন মোড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ট্রাফিক সিগন্যালে অপেক্ষার সময়ও বেড়েছে। অফিসগামী মানুষ, কর্মজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে।
উত্তরা-বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল ও গণপরিবহনের চাপ ছিল বেশি। খিলক্ষেত, কুর্মিটোলা ও শ্যাওড়া এলাকায় অফিসগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া ইসিবি চত্বর ও মিরপুর এলাকায় ট্রাফিক পুলিশকে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
গণপরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।
এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও দূরপাল্লার বাসে কর্মজীবী মানুষের ঢল দেখা গেছে। বিভিন্ন জেলা থেকে মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। অনেক যাত্রী স্বস্তিদায়ক যাত্রার কথা জানালেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
সংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যেই রাজধানীর যান চলাচল ও কর্মব্যস্ততা পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।
প্রতিবেদন: RDM News প্রতিনিধি