২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী……
অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেসব আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রমজানের আগেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে।
সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে পরীক্ষার সময় এগিয়ে আনার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
মন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করা হবে এবং প্রস্তুতিতেও কোনো ঘাটতি থাকবে না। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন।
তবে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনরা চাইলে সময়সূচি পুনর্বিবেচনা করে পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
— আরডিএম নিউজ প্রতিনিধি