স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল এলাকার লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হওয়ার পর আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত কাজ করছে। বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পানিদূষণ কমানোর উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে চলমান প্রশাসনিক ব্যবস্থার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। পরিচ্ছন্নতা অভিযানে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে দুই সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।