কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, RDM News 24
ঢাকা, ২৪ মে ২০২৬: রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে নিয়ন্ত্রণে নতুন করে ‘বসিলা থানা’ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (২৩ মে) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়ন এবং কিশোর গ্যাং দমনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ হিসেবেই এই নতুন থানা স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটি ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক বৈঠক করে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না।”
মতবিনিময় সভায় শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশে এলাকায় খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রতিটি বাড়ির সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা বসানোর জন্য নাগরিক সমাজকে আহ্বান জানান। এছাড়া তিতাস গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করে সমস্যাগুলোর দ্রুত টেকসই সমাধান করা হবে।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার নানা আইন-শৃঙ্খলা ও নাগরিক সমস্যার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।
আইন-শৃঙ্খলা ও জাতীয় ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ