পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
পদ্মা ব্যারেজের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের পানির সংকট নিরসনে তিস্তা ব্যারেজও বর্তমান সরকার নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২০ মে) সকালে গাজীপুরে দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর শুভ উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই মুখে বড় বড় কথা বললেও তিস্তা নদীর পানির নায্য হিস্যা আদায়ের লক্ষ্যে একমাত্র বিএনপিই রাজপথে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। দেশের মানুষের অধিকার রক্ষায় আমাদের এই অঙ্গীকার অটুট থাকবে।”
ভূ-গর্ভস্থ পানির অপচয় ও ব্যবহার কমানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পরিবেশ রক্ষা করার পাশাপাশি দেশে খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বর্তমান সরকার ক্রমান্বয়ে এবং সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।”
উল্লেখ্য, বাংলাদেশের নদী অববাহিকা রক্ষা ও সেচ সুবিধা প্রসারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর একটি মেগা প্রকল্প হিসেবে নতুন ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ করতে যাচ্ছে সরকার। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আগামী সাত বছরের মধ্যে এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির সফল বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর আশপাশের ২৪টি জেলার দীর্ঘদিনের পানিসংকট চিরতরে নিরসন হবে, যার ফলে সরাসরি উপকৃত হবে দেশের প্রায় সাত কোটি মানুষ।
জাতীয় ও রাজনীতি ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ