প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার প্রসারে গুগলের সাথে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
লন্ডনে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার অগ্রগতি ও ডিজিটাল রূপান্তর নিয়ে প্রযুক্তি জায়ান্ট গুগলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। বৈঠকে সরকারের বিশেষ উদ্যোগ “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” কর্মসূচিসহ বিভিন্ন কারিগরি সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আজ বুধবার (২০ মে) যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কুইন এলিজাবেথ দ্বিতীয় কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুগলের পক্ষে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক কলিন মারসন এবং হেড অব সলিউশনস ইঞ্জিনিয়ারিং ওলি ট্রাসেল।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সরকারের ডিজিটাল রূপান্তর পরিকল্পনায় গুগল কীভাবে কার্যকর সহায়তা করতে পারে, তার সম্ভাব্য উপায়গুলো অন্বেষণ করা।
বৈঠকে গুগল কর্মকর্তারা বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সংযুক্তি জোরদার করার লক্ষ্যে তাদের কোম্পানির চলমান বিশ্বব্যাপী কার্যক্রম ও অভিজ্ঞতা মন্ত্রীর সামনে তুলে ধরেন। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি (ক্যাপাসিটি-বিল্ডিং) এবং শ্রেণীকক্ষে শিখন-শেখানো কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে ডিজিটাল টুলসের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা।
বিশেষ করে, বর্তমান সরকারের প্রতিশ্রুতিবদ্ধ “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” উদ্যোগটি এই বৈঠকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হয়। এই কর্মসূচির সফল বাস্তবায়নে গুগল কী ধরনের কারিগরি সহায়তা ও কৌশলগত সহযোগিতা প্রদান করতে পারে, সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন।
উল্লেখ্য, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিশ্বব্যাপী শিক্ষাবিদ ও নীতি-নির্ধারকদের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন।
শিক্ষা ও প্রযুক্তি ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ