রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, মূল অভিযুক্ত সোহেলের পর স্ত্রী স্বপ্নাও গ্রেপ্তার

admin

May 20, 2026

রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, মূল অভিযুক্ত সোহেলের পর স্ত্রী স্বপ্নাও গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিছা আক্তার (৭) বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে। মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তারের পর এবার তার স্ত্রী স্বপ্নাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডে স্বপ্না তার স্বামীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন।

গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত রামিছার পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে ওই ভবনে বসবাস করে আসছিল। অন্যদিকে, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই ভবনের ঠিক উল্টো পাশের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।

ঘটনার দিন সকালে শিশু রামিছাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা প্রতিবেশী সোহেলের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের একপাটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, রামিছার মা যখন দরজায় নক করছিলেন, ঠিক তখনই ফ্ল্যাটের ভেতরে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা বাথরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যান। এ সময় তার স্ত্রী স্বপ্না ঘরের মূল দরজা ভেতর থেকে বন্ধ রেখে স্বামীকে নিরাপদ দূরত্বে পালিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ করে দেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপির একটি বিশেষ দল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিএমপি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আলামত পর্যালোচনায় ধারণা করা হচ্ছে, শিশুটি প্রতিবেশীর বিকৃত লালসার শিকার হয়েছিল। ঘটনা প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় তাকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে আলামত গোপনের চেষ্টা চলে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল ল্যাব রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গতকাল সকালে পল্লবীর মিরপুর-১১ সেকশনের ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিছার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের ভেতর থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বর্বরোচিত ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার নেপথ্যের পুরো রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

অপরাধ ও আদালত ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ