আর নয় অন্যের কার্ড থেকে নিজের বিকাশে টাকা — একই নামে থাকতে হবে কার্ড ও MFS অ্যাকাউন্ট

admin

May 20, 2026

আর নয় অন্যের কার্ড থেকে নিজের বিকাশে টাকা — একই নামে থাকতে হবে কার্ড ও MFS অ্যাকাউন্ট

সাইবার জালিয়াতি ঠেকাতে কার্ড থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (MFS) অ্যাড মানি’র নিয়মে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ আগস্ট থেকে কার্ড ও MFS অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে না থাকলে অ্যাড মানি করা যাবে না।

নতুন নিয়মে ব্যাংক ও MFS প্রতিষ্ঠানগুলোকে লেনদেনের আগে নিশ্চিত করতে হবে যে কার্ড ও ওয়ালেট একই ব্যক্তির নামে নিবন্ধিত। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ আনুষ্ঠানিক সার্কুলার জারি করবে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বড় জালিয়াতির ঘটনা। ২০২৫ সালের আগস্টের শেষ সপ্তাহে একটি সাইবার ক্রাইম চক্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অন্তত ৫৪ জন গ্রাহকের কার্ড থেকে ওটিপি বাইপাস করে মোট প্রায় ২৭ লাখ টাকা বিকাশ ও নগদ অ্যাকাউন্টে সরিয়ে নেয়। প্রতিটি ক্ষেত্রে গ্রাহকের অজান্তে প্রতিটি কার্ড থেকে ৫০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়। এরপর MFS অ্যাকাউন্টগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। তদন্তে দেখা গেছে, জালিয়াতরা অন্যের নামে নিবন্ধিত সিম ও ওয়ালেট ব্যবহার করেছিল। এরপর এসইসি তার কার্ড থেকে অ্যাড মানি সুবিধা বন্ধ করে দেয়।

১ আগস্টের আগ পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এক ব্যক্তির কার্ড থেকে অন্যের MFS অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে, তবে কার্ড লিংক করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন সম্পন্ন করতে হবে। টোকেন লেনদেন ও লিংক সফল হওয়ার ২৪ ঘণ্টা পর নিয়মিত লেনদেন শুরু করা যাবে।

এছাড়া কার্ড থেকে MFS অ্যাড মানিকে ‘মার্চেন্ট পেমেন্ট’ নয়, ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে শ্রেণিবদ্ধ করতে বলা হয়েছে এবং প্রতিটি লেনদেনে গ্রাহকের ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান রাখতে হবে।

৩১ জুলাইয়ের মধ্যে এই সুবিধা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট থেকে সংশ্লিষ্ট কার্ডের অ্যাড মানি সেবা বন্ধ করে দেওয়া হবে।

অর্থনীতি ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ

 

Leave a Comment

হোম
নতুন খবর
খবর
যোগাযোগ