অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তান হত্যা, পুলিশের কাছে নিজেই ফোন করলেন বাংলাদেশি
অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ৪৬ বছর বয়সী এক নারী এবং তার দুই ছেলে সন্তান, যাদের বয়স ১২ ও ৪ বছর। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের হত্যার পর ওই ব্যক্তি নিজেই পুলিশে ফোন করে সাহায্য চান।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তিনটি আলাদা কক্ষ থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেফতার দেখানো হয়। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারটি প্রায় ১২ বছর আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। পরিবারের বাবা বাসায় থেকে সন্তানদের দেখাশোনা করতেন, আর মা চাকরি করতেন। নিহত বড় ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলেও জানা গেছে।
তবে তদন্তের স্বার্থে এখনো আনুষ্ঠানিকভাবে নিহত বা অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এই হৃদয়বিদারক ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এ ঘটনার নিন্দা ও শোক প্রকাশ করেছেন।
📍 আন্তর্জাতিক ডেস্ক | আরডিএম নিউজ ২৪
📍 ঢাকা, বাংলাদেশ