লিংকন মেমোরিয়ালের ঐতিহাসিক পুল নীল রঙে রাঙাচ্ছেন ট্রাম্প — আদালতে মামলা দায়ের
ওয়াশিংটনের অন্যতম আইকনিক স্থাপনা লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলকে নীল রঙে রাঙানোর ট্রাম্প প্রশাসনের উদ্যোগ থামাতে আদালতের দ্বারস্থ হয়েছে একটি অলাভজনক সংস্থা। সোমবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করে দ্য কালচারাল ল্যান্ডস্কেপ ফাউন্ডেশন।
সংস্থাটির অভিযোগ, কাজ শুরু আগে আইনে নির্ধারিত পরিবেশ সমীক্ষা ও জনমতামত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন না করেই রঙের কাজ শুরু করেছে ইন্টেরিয়র বিভাগ। এটি সরাসরি ফেডারেল আইন লঙ্ঘন বলে তারা যুক্তি দিচ্ছেন।
সংস্থার প্রেসিডেন্ট চার্লস বার্নবাম বলেন, রিফ্লেক্টিং পুলের ধূসর নকশাটি ওয়াশিংটন মনুমেন্ট ও লিংকন মেমোরিয়ালের মধ্যে একটি গভীর ঐতিহাসিক সংযোগ তৈরি করে। “নীল রঙের একটি পুল কোনো রিসোর্ট বা থিম পার্কের জন্য মানানসই হতে পারে, ঐতিহাসিক এই স্থাপনার জন্য নয়,” বলেন তিনি।
ট্রাম্প গত সপ্তাহে পানি শূন্য করা পুলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে পুরো প্রকল্পটি ঘুরে দেখেন এবং নতুন “আমেরিকান ফ্ল্যাগ ব্লু” রঙের ভূয়সী প্রশংসা করেন। প্রেসিডেন্ট দাবি করেছেন প্রকল্পটির ব্যয় ১৮ লাখ ডলার। তবে ফেডারেল নথি অনুযায়ী ভার্জিনিয়ার একটি কোম্পানিকে কোনো দরপত্র ছাড়াই ১ কোটি ৩১ লাখ ডলারের চুক্তি দেওয়া হয়েছে — যা প্রেসিডেন্টের দাবির সাত গুণেরও বেশি।
মামলাটি ট্রাম্প নিযুক্ত বিচারক কার্ল নিকোলসের আদালতে বিচারের জন্য পাঠানো হয়েছে। বিচারক উভয় পক্ষকে মঙ্গলবারের মধ্যে জানাতে বলেছেন, জরুরি নিষেধাজ্ঞার আবেদনে শুনানি করা হবে কি না।
এই বিতর্ক আসলে বড় এক প্রশ্নের প্রতিধ্বনি — ইতিহাসের ঐতিহ্য কি এক রাজনৈতিক সিদ্ধান্তে বদলে দেওয়া যায়?
আন্তর্জাতিক ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ