ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দির প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়। ঘটনার সময় সেখানে প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে অনেক দর্শনার্থী মন্দিরের সীমানা দেয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় দেয়ালের একটি অংশ এবং টিনশেড ধসে পড়ে। এতে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
📍 আন্তর্জাতিক ডেস্ক | আরডিএম নিউজ ২৪