গভীর রাতে কুমিল্লায় ভূমি অফিসের পিয়নকে কুপিয়ে গুরুতর জখম
কুমিল্লা নগরীতে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় এক ভূমি অফিসের অফিস সহায়ককে (পিয়ন) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মো. আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরিবারের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে পোস্ট ও প্রতিবাদ করে আসছিলেন আজহারুল ইসলাম। এর জের ধরেই সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদ বা লেখালেখি করলে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে।
কুমিল্লা ডেস্ক | RDM News 24 | ঢাকা, বাংলাদেশ